অনলাইন ডেস্ক : কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের কৃষকরাই বাংলাদেশের মূলশক্তি। কৃষির উন্নয়ন ও কৃষকের মর্যাদা বৃদ্ধির মধ্য দিয়েই বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরও স্বনির্ভর ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে। মানুষ এখন নিজেকে কৃষকের সন্তান হিসেবে পরিচিত দিতে গৌরববোধ করে। কৃষির মাধ্যমেই বাংলাদেশ এগিয়ে যাবে।
শনিবার দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিতর্ক পরিষদের আয়োজিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অতিরিক্ত উৎপাদনের কারণে অনেক সময় কৃষক ক্ষতির সম্মুখীন হন। বাজারে চাহিদা না থাকলে উৎপাদিত পণ্যের দাম কমে যায়, আবার উৎপাদন কম হলে দাম বেড়ে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হন। উৎপাদক ও ভোক্তার মধ্যে চাহিদার ভারসাম্য রক্ষায় সরকার কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড চালু করেছে।
তিনি আরও জানান, দেশের সব ডিপ ও স্যালো টিউবওয়েল পর্যায়ক্রমে সোলার ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এতে ডিজেলের ওপর নির্ভরতা কমবে এবং কৃষকের উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। এই প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যয় সরকার বহন করবে। বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী বলেন, অতীতে বিশ্ব শক্তিগুলোর চাহিদা এক ধরনের ছিল, কিন্তু বর্তমানে শক্তিধর রাষ্ট্রগুলো শুধু সম্পদ নয়, বরং জীবন ও দেশের ওপরও প্রভাব বিস্তার করতে চায়।
কলেজের জলাবদ্ধতার বিষয়ে তিনি বলেন, ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা শিগগিরই নিরসন করা হবে। এ জন্য আমি গতরাতেও প্রশাসনের লোকজনের সঙ্গে আলাপ করেছি। তারা আমাকে বলেছেন একটি কালভার্ট হলে সমস্যা কমে যাবে। কলেজের জিয়া অডিটরিয়াম চুঁইয়ে পানি পড়ে। এখানে প্রবেশের পর সবাই ওপরের দিকে চেয়ে থাকে। এ সমস্যাও আর থাকবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাশার ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মজিদ। অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ূম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কুমিল্লা মডার্ন হাই স্কুলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান। এর আগে মন্ত্রী কলেজের চারটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত রম্য বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করেন।

ডেস্ক : 



















বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ : গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে আলোচনা