অনলাইন ডেস্ক
আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত মন্তব্য করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, এ বিষয়ে তার অবস্থান আগের মতোই রয়েছে। দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার কেবলমাত্র একটি নির্বাচিত সরকারেরই রয়েছে।
বুধবার (২১ মে) ঢাকা সেনানিবাসে আয়োজিত অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সেনাপ্রধান নির্বাচন ছাড়াও মানবিক করিডোর, বন্দর, মব ভায়োলেন্স ও সংস্কারসহ সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গে বক্তব্য দেন।
এতে অংশ নেন ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। অন্যান্য অঞ্চলে থাকা কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন।
সেনাপ্রধান মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর-সংক্রান্ত বিষয়ে বলেন, রাখাইন রাজ্যে মানবিক করিডর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা অবশ্যই বৈধ প্রক্রিয়া অনুসরণ করে হতে হবে। এখানে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। আর সিদ্ধান্ত যেটাই হোক না কেন, রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে সেটা হতে হবে।
‘মব ভায়োলেন্স’ বা উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ বিশৃঙ্খলা বা আক্রমণের ব্যাপারে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে। সংঘবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিংসতা আর সহ্য করা হবে না।’
এছাড়া চট্টগ্রাম সমুদ্রবন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বিতর্কের বিষয়ে সেনাপ্রধান বলেন, এখানে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে। রাজনৈতিক সরকারের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত।
সংস্কার প্রসঙ্গে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, কী সংস্কার হচ্ছে, কীভাবে হচ্ছে, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। এ বিষয়ে তার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি।
আসন্ন ঈদুল আজহায় মানুষ যেন নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদ্যাপন করতে পারেন, সে ব্যাপারে সবাইকে সহযোগিতা করতে বলেছেন জেনারেল ওয়াকার-উজ-জামান।
বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোনো কার্যকলাপে যুক্ত হবে না, যা জাতীয় সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। তিনি সব পর্যায়ের সেনা সদস্যদের নিরপেক্ষ থাকার এবং ভবিষ্যতে নির্বাচনী দায়িত্ব সততার সঙ্গে পালনের নির্দেশ দেন।
পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব পালনের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সেনাপ্রধান বলেন, “অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করছি। সহযোগিতা করে যাব।”

ডেস্ক : 




















আজ থেকে ১৯ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু