অনলাইন ডেস্ক : সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাস ‘ড্যাফোডিল স্মার্ট সিটি’তে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নবীন শিক্ষার্থীদের ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম সামার-২৬’। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম. আর. কবিরের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে কয়েক হাজার নবীন শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস এক মিলনমেলায় পরিণত হয়।
গত ১১ মে (সোমবার) অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের রঙিন ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় এবং ভিডিও বার্তার মাধ্যমে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান।
শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং সহ-শিক্ষা কার্যক্রমে উদ্বুদ্ধ করতে অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর অধীনে অনুষ্ঠিত হয় ‘ক্লাব রিক্রুটমেন্ট প্রোগ্রাম’। এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের বুথ থেকে নবীনরা তাদের পছন্দ অনুযায়ী সদস্য হওয়ার সুযোগ পায়।
অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিল বিশ্ববিদ্যালয়ের সফল অ্যালামনাইদের অভিজ্ঞতা বিনিময় সেশন। যেখানে র্যানকন অটো ডিভিশনের এএসএম আরিফ, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন-এর মেহেদী হাসান বাপ্পি, জনতা ব্যাংকের নুসরাত জাহান এবং আকন্দ ইঞ্জিনিয়ারিং-এর সিইও এএম তাজউদ্দিন আহমেদ নিজেদের কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর এই ক্যাম্পাসের সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে নিজেদের আন্তর্জাতিক মানের দক্ষ পেশাজীবী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
আলোচনা সভার পাশাপাশি এই অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মেধার স্বীকৃতিস্বরূপ সম্মাননা এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। ওরিয়েন্টেশন প্রোগ্রামের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে দিকনির্দেশনা দেওয়া এবং ক্যাম্পাসের অবকাঠামোর সঙ্গে পরিচিত করানো। দিনব্যাপী চলা এই আয়োজনের সমাপ্তি ঘটে শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই ওরিয়েন্টেশন নবীনদের আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে। পুরো অনুষ্ঠানটির সার্বিক সমন্বয় ও পরিচালনার দায়িত্ব পালন করে বিশ্ববিদ্যালয়ের ‘অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্স’।

ডেস্ক : 




















প্রধানমন্ত্রীর উপদেষ্টার দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত : পররাষ্ট্রমন্ত্রী