পিকে হালদারকে ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত
অনলাইন ডেস্ক : গ্লোবাল ইসলামী ব্যাংকের (সাবেক এন আর বি গ্লোবাল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পিকে) ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় বাকি ১৩ জনকে পৃথক দুই ধারায় সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে করা মামলায় রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। পিকে হালদারের বিরুদ্ধে দায়ের হওয়া ৫২ মামলার মধ্যে এটি প্রথম মামলার রায়। বাকি ৫১ মামলা এখনো তদন্তাধীন। এর আগে গত ৪ অক্টোবর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেছিলেন। ওইদিন যুক্তিউপস্থাপনের সময় কারাগারে থাকা চার আসামি পি কের বান্ধবী অবন্তিকা বড়াল, শংখ বেপারী, সুকুমার মৃধা ও অনিন্দিতা মৃধাকে আদালতে হাজির করা হয়। দুদকের অভিযোগপত্রে বলা হয়, পিকে হালদার নামে-বেনামে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে ৬ হাজার ৭৯০ শতাংশ জমি কিনেছেন। এ সম্পদের বাজারমূল্য দেখানো হয়েছে ৩৯১ কোটি ৭৫ লাখ ৮১ হাজার ১২ টাকা। বর্তমানে এর বাজারমূল্য ৯৩৩ কোটি টাকা। এর মধ্যে নিজের নামে জমি কিনেছেন ৪ হাজার ১৭৪ শতাংশ। এর দাম দলিলে দেখানো হয়েছে ৬৭ কোটি ৯৪ লাখ ২০ হাজার...