সিনিয়র রিপোর্টার
চলতি বছরের এইচএসসি ও সমমানের বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে। তাছাড়া ১১ সেপ্টেম্বর থেকে আরও ২ সপ্তাহ পিছিয়ে যাবে পরীক্ষার সময়সূচি।
মঙ্গলবার (২০ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আগের যে বিষয়ে আটটি প্রশ্নের উত্তর দিতে হতো এখন সেই একই বিষয়ে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে। তবে সময় একই থাকবে। সময়সূচি পিছিয়ে যাবে আরও দুই সপ্তাহ।
এদিকে, এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলের দাবিতে মঙ্গলবার সকাল থেকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হন তারা। দুপুরের দিকে সচিবালয়ে ঢুকে পড়েন হাজারো শিক্ষার্থী। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে দশ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান এবং আলোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রবেশ করেন। এ সময় বিক্ষোভরত শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এর পর ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। গত ৭ আগস্ট ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ আগস্ট পরীক্ষা হচ্ছে না। অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। এরপর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি গত ১১ আগস্ট থেকে নতুন সময়সূচি দেয়।
শিক্ষা বোর্ডের একটি সূত্র থেকে জানা যায়, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর বিভিন্ন থানায় যে হামলার ঘটনা ঘটে তাতে প্রশ্নপত্র রাখা ট্রাংকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য ১১ আগস্ট থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়। ১১ সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল শিক্ষা বোর্ড। সেটি অনুমোদন হয়। তবে পরীক্ষার্থীরা সোমবার ঢাকা শিক্ষা বোর্ডে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান নিয়ে পরীক্ষায় বসার মতো অবস্থায় নেই বলে বিক্ষোভ করেন। যেসব বিষয়ে পরীক্ষা হয়েছে, তার ভিত্তিতে পরীক্ষার ফল প্রকাশের দাবি জানান পরীক্ষার্থীরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সন্ধ্যায় দাবি পূরণের বিষয়ে আশ্বাস দেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ আবুল বাশার।

ডেস্ক : 




















আজ থেকে ১৯ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু