রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসে ‘টাইম বোমা’ উদ্ধার
অনলাইন ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে মৌচাক এলাকায় কক্সবাজারগামী বেঙ্গল পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো-ব-১২-২৫৫৫) থেকে উদ্ধার হওয়া বোমা সদৃশ বস্তুটি ছিল ‘টাইম বোমা’। সেটি উদ্ধারের পর বোম্ব ডিসপোজাল টিম সেটি নিষ্ক্রিয় করে। এদিকে রাত সাড়ে ১০টার দিকে বাসের ভেতর বোমা সদৃশ বস্তুটির সন্ধান পাওয়ায় পুরো বাসে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বাসটির চালক রুবেল মৌচাক বাসস্ট্যান্ডের কাছে যাত্রীদের নামিয়ে দেন। পরে পুলিশের বিশেষ পরিষেবা ৯৯৯-এ (জরুরি হটলাইন নম্বর) ফোন করেন। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থালে উপস্থিত হয়ে বাসটি ঘিরে রাখে। এ সময় বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে রাত সোয়া ১২টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে এবং নিশ্চিত করে যে বোমা সদৃশ বস্তুটি প্রকৃতপক্ষে ‘টাইম বোমা’। উদ্ধারের পর রাত একটার দিকে শক্তিশালী ডিভাইসটি নিষ্ক্রিয় করার বিষয়টি রাত দুইটার দিকে নিশ্চিত করেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল। এটি যেকোনো সময় কার্যকর হয়ে বিস্ফোরণ ঘটাতে পারতো বলেও জানান তিনি। নারায়ণগঞ্জ পুলিশ সুপার জানান, বিস্ফোরণ হলে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা ছিল। বোম্ব ডিসপোজাল ইউনিটের বরাত দিয়ে তিনি বলেন, ‘এই টাইম বোমায় টাইমার সেট করা ছিল। নির্দিষ্ট সময়ে সক্রিয় হয়ে সেটি বিস্ফোরিত হতো।...