শতভাগ অগ্নি নিরাপদ নিশ্চিত না হলে ভবন ব্যবহার করা যাবে না : রাজউক
অনলাইন ডেস্ক : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জোন-৩/১ এর আওতাধীন শ্যামলী এলাকায় বহুতল ভবনের অগ্নি নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে নগর উন্নয়ন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২টি বহুতল ভবনের আন্তঃসংস্থা প্রতিনিধিদের সমন্বয় যৌথভাবে পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরা সমন্বয় যৌথভাবে পরিদর্শন কার্যক্রম অংশগ্রহণ করে। প্রতিনিধিরা রাজউকের অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ এবং অগ্নিঝুঁকি মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের গাইডলাইন অনুসরণ করার ব্যাপারে গুরুত্বারোপ করে। ভবনে নিয়মিত ফায়ার ড্রিল ও বৈদ্যুতিক যন্ত্রপাতির নিয়মিত পরীক্ষা করার ব্যাপারে আলোচনা হয় এবং অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণে একটি চেকলিস্ট অনুরসরণ করার ব্যাপারে পরামর্শ প্রদান করে। রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ বিভাগের সদস্য মেজর ইঞ্জিনিয়ার সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.) বলেন, রাজউকের অনুমোদিত নকশা মানা, অগ্নি নিরাপত্তা শতভাগ নিশ্চিতকরণসহ রাজউকের ভবন নির্মাণ বিধিমালা অনুযায়ী সঠিক কি না তা যাচাই বাছাই করা হয়েছে। যে কোনো ত্রুটি বিচ্চুতির পাশাপাশি আইন মেনে নির্মাণের পরামর্শ প্রদান করা হয়েছে। যারা বহুতল ভবন নির্মাণে শতভাগ অগ্নি নিরাপদ নিশ্চিত করবে না তারা ভবন ব্যবহারের ক্ষেত্রে কোনো অনুমতি দেওয়া হবে না। ভবিষ্যতেও এধরনের যৌথ পরিদর্শন কার্যক্রম চলমান থাকবে। ...