স্বামীর অবৈধ আয়ে ফাঁসছে স্ত্রী-সন্তান : দুদকের অনুসন্ধান ও মামলার তথ্য * শতকরা ৮০ ভাগ দুর্নীতিবাজ ব্যক্তি স্ত্রী-সন্তানের নামে বেশি সম্পদ গড়েন
অনলাইন ডেস্ক : চাকরি বা ব্যবসা কিছু নেই, পেশায় গৃহিণী। সঙ্গত কারণেই নেই আয়ের উৎস। আয়-রোজগার না থাকলেও খোদ ঢাকায়ই তিনি ১০টি প্লটের মালিক। এছাড়া আছে ফ্ল্যাট, শেয়ারবাজারে বিনিয়োগসহ নগদ কোটি কোটি টাকার সম্পদ। ভাগ্যবান এই নারী আলোচিত কারবারি মো. মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের স্ত্রী রওশন আক্তার। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ লুকাতে স্ত্রীকে মালিক বানিয়েও শেষ রক্ষা হয়নি। অসাধু উপায়ে অর্জিত ও জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করে ভোগদখলে রাখার অপরাধে রওশন আক্তারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইভাবে আলোচিত বেসিক ব্যাংক কেলেঙ্কারির হোতা শেখ আব্দুল হাই বাচ্চুর অপরাধলব্ধ আয় ভোগ করতে গিয়ে মানি লন্ডারিং মামলার আসামি হয়েছেন তার স্ত্রী শিরিন আক্তার ও ছেলে শেখ রাফা হাই। তদন্ত শেষে বাচ্চুর সঙ্গে তাদেরও অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়েছে। শুধু বাচ্চু কিংবা গোল্ডেন মনির নয়, ‘দুর্নীতিবাজ’ ব্যক্তিরা তাদের অবৈধ আয় বৈধ করতে স্ত্রী-সন্তানদের নামে সম্পদ গড়েন। গত বছর দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শেষে দুদক যেসব মামলা করেছে তাতে দেখা গেছে, শতকরা ৮০ জনই নিজের চেয়ে স্ত্রী-সন্তানের নামে বেশি সম্পদ কিনেছেন। কিন্তু দুদকের মামলায় তাদের শেষ রক্ষা হয়নি। ফলে অনেক স্ত্রী-সন্তান এখন অভিভাবকের অবৈধ আয় দিয়ে নিজেদের নামে সম্পদ গড়তে...